ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুন বেগম সেনারবাদী গ্রামের ধনু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে একই গ্রামের মাওলা, আজমির, সবুজ ও আনোয়ার নামের কয়েকজন যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাইলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে গুরুতর আহত করে।
শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খাইরুন বেগমসহ অন্তত তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসক খাইরুন বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, 'পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
জুটন বনিক/সুমন/