রংপুরে মব তৈরি করে এক জ্যেষ্ঠ সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া একজনের বিরুদ্ধে। হামলার শিকার একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে তাকে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার ইন্ধন রয়েছে। রংপুরের গণমাধ্যমকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী লিয়াকত আলী বাদল বলেন, রংপুর সিটি করপোরেশনে ১৫ বছর ধরে অটোরিকশার লাইসেন্স বন্ধ রয়েছে। বর্তমান প্রশাসক বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ কোটি টাকার বাণিজ্যের উদ্দেশ্যে গোপনে ৫০০ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৫০টি জুলাইযোদ্ধা, বাকি অর্ধেক জুলাই-রাজবন্দিদের দেওয়ার কথা ছিল। আমি এ তথ্য যাচাই করে গত ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাইযোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন করি। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রবিবার বেলা ১২টার দিকে কাচারী বাজার থেকে আমাকে তুলে নিয়ে যায় রকির নেতৃত্বে কয়েকজন। পরে সিটি করপোরেশনে নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে ঢোকানোর চেষ্টা করে এবং ক্ষমা চাইতে চাপ দেয়। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের নির্দেশেই আমার ওপর হামলা হয়েছে।
এদিকে ঘটনা জানাজানি হলে সিটি করপোরেশনে ছুটে যান রংপুরে কর্মরত গণমাধ্যমকারী ও সাংবাদিক নেতারা। তারা সেখানে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিকের কর্মচারীরা আরেক দফা হামলা চালায়। সাংবাদিকদের সিটি করপোরেশন থেকে বের করে দেওয়া হয়।
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, আমরা শুধু উদ্বিগ্ন নই, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। লিয়াকত আলী বাদলের মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিককে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।
রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে- এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই। আজ সোমবার সকাল ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে একজনের নাম জানতে পেরেছি।