সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত শাকিল আহমদ কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকার মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন জানান, বিকেলে শাকিল ডোনা সীমান্তের ১৩৩৪ নম্বর পিলারের পাশে ঘাস কাটছিলেন। এ সময় লাগোয়া ভারতের সুপারিবাগান থেকে খাসিয়ারা অতর্কিতভাবে গুলি ছোড়ে। গুলিতে শাকিল গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে দ্রুত বাংলাদেশের ভেতর থেকে উদ্ধার করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেতিমগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটির খবর পেয়ে বিজিবি ডোনা ক্যাম্প তা নিশ্চিত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের আনোয়ার জানান, সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিকেল সাড়ে চারটার দিকে ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে খাসিয়াদের ছোরা গুলিতে শাকিল আহমেদ নামে ২০ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট দুপুরের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছিলেন। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে ছিলেন। এরপর ২ সেপ্টেম্বর রাত ১টার দিকে আন্তর্জাতিক পিলার ১৩৩৯ সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করে বিএসএফ।