জামালপুরে বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সিএস ফেস্ট ২.০ রবিবার (৯ নভেম্বর) শুরু হয়েছে। শহরের ফৌজদারী এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করেছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব। এ আয়োজনে মিডিয়া পার্টনার খবরের কাগজ।
সকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সভাপতি ফয়সাল আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম জাওয়াদুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা, কম্পিউটার ক্লাবের মডারেটর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফজলে রাব্বী, কম্পিউটার ক্লাবের কো-অর্ডিনেটর রাফিউজ্জামান, আল আরমান চৌধুরী আসিফ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী রুশো, কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওনসহ অন্যরা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের আয়োজনে কম্পিউটার সায়েন্স ফেস্টিভালের মতো এত বড় একটি আয়োজন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের গত দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে। প্রতিবছর এমন উৎসব আয়োজন করার কথা জানান বক্তারা। উৎসবের প্রথম দিনে দুপুরে গণিত অলিম্পিয়াড ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন জানান, এবারের সিএস ফেস্ট ২.০ বেশ বড় পরিসরে আয়োজন করা হয়েছে। ৬টি ইভেন্টে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে। জামালপুরের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। শুধু গেমিং ইভেন্টে দেশের বিভিন্ন জায়গা থেকে ২ হাজার ২০০ জনের বেশি অংশ নিচ্ছে। গেমিংয়ের ৮টিসহ সব ইভেন্ট মিলে ৪১টি পুরস্কার রয়েছে। এসব পুরস্কারের মোট প্রাইজ মানি ৮০ হাজার টাকা। দৈনিক খবরের কাগজ মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় আয়োজনটি ভিন্ন মাত্রা পেয়েছে।
সিএস ফেস্টের প্রথম দিনে গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে আইসিটি অলিম্পিয়াড, ফ্রি ফায়ার গেমিং প্রতিযোগিতা ও শেষ দিনে অর্থাৎ ১১ নভেম্বর এআই অলিম্পিয়াড, পাবজি গেমিং প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।