সাভারে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিইপিজেডের শ্রমিকরা।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একই মালিকানাধীন চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ডিইপিজেডের অভ্যন্তরে অবস্থিত গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড এবং এক্টর স্পোর্টিং লিমিটেড নামে একই মালিকানাধীন চারটি কারখানা গত ২২ অক্টোবর হঠাৎ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। পরবর্তীতে একাধিকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করা হয়নি। পরে আজ সোমবার সকালে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ডিইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
একপর্যায়ে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করলে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরাতে হয়েছে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম বলেন, সাময়িকভাবে বন্ধ চারটি কারখানার মধ্যে তিনটি কারখানার শ্রমিকদের আড়াই মাসের এবং অপর একটির দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বন্ধ কারখানাগুলো চালুর চেষ্টা করছেন কারখানার কর্তৃপক্ষ। যদি তারা ব্যর্থ হন তবে নির্দিষ্ট সময় পর সরকারি নিয়ম অনুসারে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।
ইমতিয়াজ ইসলাম/সুমন/