মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উথলী সংযোগ মোড়ে স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৯), মো. আশরাফ হোসেন আখের (৫৫), মো. রেজাউল করিম লাভলু (৪৮) এবং মোহাম্মদ রিফাত হোসেন (২২)।
এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই বাসে অগ্নিসংযোগ ঘটান। তাদের উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায় প্রতিহত করা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসটির মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে শিবালয় থানায় অজ্ঞাতনামা ১৫–২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, ৮ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী মোড়ে সারমিনা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আসাদ জামান/রিফাত/