ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) থেকে বিজিবি ভাঙ্গা উপজেলায় তাদের দায়িত্ব পালন শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি বর্তমানে ভাঙ্গায় মোতায়েন রয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, রবিবার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা প্রশাসনের কোর কমিটির আইনশৃঙ্খলা সংক্রান্ত মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে রবিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও প্রবেশপথে বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ চেকপোস্ট বসানো হয়েছে।
সকাল ৭টা থেকেই শহরের বড়বাজার মোড়, পুরনো বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোলচত্বর, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। তারা পথচারী, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন। শহরের বিভিন্ন এলাকায় র্যাব-পুলিশের একাধিক টহল টিমও মোতায়েন রয়েছে।
সঞ্জীব দাস/রিফাত/