জামালপুরে বাসে করে যাত্রীবেশে মাদক পাচারকালে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সালেহা বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে।
আটক সালেহা বেগম জামালপুর পৌর শহরের মুসলিমাবাদ এলাকার আব্দুস সামাদের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হালিম রাজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল রবিবার দুপুরে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী মোহনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে পায়ের সঙ্গে বিশেষ কায়দায় বেঁধে বহন করা অবস্থায় ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সালেহা বেগমকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক নারীকে আজ পুলিশের হেফাজতে রাখা হবে, আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। গত ২৪ অক্টোবর জামালপুর সদর থানা পুলিশ ২২ হাজার পিস ইয়াবার চালানসহ আব্দুল মতিন ও শাহিদা বেগম নামে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই দম্পতি মাদক ব্যবসায়ী সালেহা বেগমের মেয়ে ও মেয়ের স্বামী।
আসিফ/মেহেদী/