ঢাকাই সিনেমার দুই নন্দিত নায়িকা শাবনূর ও পূর্ণিমা। দুজনেই অভিনয়ে অনিয়মিত। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এদিকে পূর্ণিমা দেশে থাকলেও রুপালি পর্দায় তার উপস্থিতি নেই বললেই চলে। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও এই দুই নায়িকার সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ। শাবনূরকে নিয়ে চিত্রনায়িকা পূর্ণিমার একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন।
পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।’
এই নায়িকা আরো লিখেন, ‘বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
ভিডিওতে দুই নায়িকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।