পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত ২০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে হাসান (১৮), রাজিব (২০), মোস্তফা হানিফ মিজানুর (২১ ) ও সোহেল শেখ (৩২) নামে চারজনকে আটক করেছে পুলিশ। একজন ট্রাকচালক ও তিনজন চালকের সহকারী বলে জানা যায়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
এদিকে এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।
আসামিদের সবার বাড়ি বগুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাতনামা ওই নারী দীর্ঘ দিন ধরে ভাসমান অবস্থায় ঘোরাফেরা ও রাত্রিযাপন করে আসছিলেন। মঙ্গলবার রাতে আসামিরা স্থলবন্দর এলাকায় বগুড়া থেকে আসা আলু ভর্তি ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আসেন। সেখানে অবস্থানের সময় গভীর রাতে একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে অজ্ঞাত ওই মানসিক ভারসাম্যহীন নারীকে তারা চারজন ধর্ষণ করে।
পরে ঘটনাটি স্থানীয় লোকজন এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের (সিকিউরিটি গার্ড) নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায়।
এ ঘটনায় থানায় বাংলাবান্ধা ইউনিয়নের এক গ্রাম পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ আইনে মামলা করেন। পরে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
রনি মিয়াজী/সুমন/