মানিকগঞ্জের সাটুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে পাঁচ অদম্য নারীকে সম্মাননা দিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান, সফল জননী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন, দুঃস্বপ্ন মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী এই পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ জীবনযুদ্ধের জন্য অদম্য নারী পুরস্কার দেওয়া হয়।
যারা পুরস্কার পেলেন তারা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোসা. লিপি আক্তার, সফল জননী আলেয়া আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহীনা আক্তার, দুঃস্বপ্ন মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা বিলকিস আক্তার এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী লাল কিস্পার।
তাদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারীকে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থীরা।
আসাদ জামান/অমিয়/