ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামীন ব্যাংকের অফিসের কাজ শেষ করে ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তাপ্রহরীর চিৎকারে উপরে থাকা ব্যাংকের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংকটির শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, আগুনে সিড়ি কক্ষে রাখা তিনটি মোটরসাইকেল ও দুটি বেঞ্চ পুড়ে গেছে। আমরা উপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তোফায়েল আহাম্মদ/অমিয়/