নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কলাপাতা নামের এক বেকারিকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ভবনাথপুর ঢালাই কারখানা ও দত্তপাড়া এলাকায় চুনা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় এসব প্রতিষ্ঠান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনিম সোহানা।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ঢালাই কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছিল। ওই চক্রটি অবৈধভাবে প্রতিদিন ৮হাজার ১শ ৮০ঘনফুট গ্যাস ব্যবহার করে আসছিল। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কলাপাতা নামের একটি মিষ্টির কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩শ ফুট পাইপ জব্দ করা হয়। কতৃপক্ষ জানিয়েছে এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, অবৈধভাবে গড়ে উঠা কারখানাগুলোতে একের পর এক অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ পেশার লোকজনের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার দুটি প্রতিষ্ঠানের সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়। তবে আজকের অভিযান তৃতীয় দফায় করা হয়।
কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছেন।
সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলায় গুড়িয়ে দিচ্ছেন ভ্রাম্যমান আদালত।
ইমরান/নাঈম