ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কবির আহমেদ ভূইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তর করে জনগণের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলার কসবার বিনাউটি এলাকায় রাউতাট জামে মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে মসজিদ উদ্বোধন করেন। পরে তিনি আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
কবির আহমেদ ভূইয়া বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সিলেবাস অনুযায়ী আমরা সবাইকে নিয়ে কাজ করেছি। গুম, জেল, জুলুম, নিষেধাজ্ঞা, নিষ্পেষণ ও মৃত্যু পরোয়ানা আমাদের দাবিয়ে রাখতে পারেনি। এখন কসবা উপজেলা, পৌর ও আখাউড়া উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের মূল নেতৃত্বকে উপেক্ষা করে বিভাজন, অনৈক্য ও অহংকারের রাজনীতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এলাকার জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু সেটা হতে দেওয়া হবে না।
কবির আহমেদ বলেন, তৃণমূলের মজলুম নেতাকর্মীরা এসব নেতিবাচক রাজনীতি ভালো চোখে দেখছেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ রাজনীতির মূল বার্তাকে উপেক্ষা করে আমরা কোন অপসংস্কৃতির রাজনীতি বিশ্বাস করি না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদদীন, উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ বদিউল আলম, পৌর বিএনপির সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া প্রমুখ।
শফিকুল ইসলাম/এসএন