জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৮৭৫টি কেন্দ্র রক্ষায় সাত বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য নিয়োগ করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, ভোটের সব সরঞ্জাম বিকেলের মধ্যে জেলার ছয়টি আসনের ৮৭৫টি কেন্দ্রে পৌঁছে গেছে। এগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোর নিরাপত্তায় সাতটি বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য এবং সাড়ে ১৭ হাজার নির্বাচনি কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১৪টি সাধারণ এবং ২৬১টি 'অতি গুরুত্বপূর্ণ' (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখানে সবগুলো আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ছয়টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। অন্য পাঁচটি আসনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সেনাবাহিনী ৭০০ জন, বিজিবি ২৫০ জন, পুলিশ ২ হাজার ৬৫০ জন, র্যাব ১০০ জন, নৌবাহিনী ২৪০ জন, কোস্টগার্ড ১ হাজার ৬৪ জন ও আনসার ১১ হাজার ৩৭৫ জন নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এছাড়া একজন জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তাসহ মোট ১৭ হাজার ৫৩২ জন নির্বাচনি দায়িত্ব পালন করবেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ছয় আসনের নয়টি উপজেলায় নির্বাচনের ব্যালটসহ সব সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বুধবার সকাল থেকে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলার ছয়টি আসনে আটটি পৌরসভা ও ৯১টি ইউনিয়নে মোট ভোটার ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০ জন, মহিলা ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৪ জন। জেলায় মোট ৮৭৫টি ভোটকেন্দ্র ও ৫ হাজার ৬০৯টি ভোটকক্ষ রয়েছে।
এ ছাড়া জেলায় মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে নোয়াখালী-১ আসনে সাতজন, নোয়াখালী-২ আসনে পাঁচজন, নোয়াখালী-৩ আসনে সাতজন, নোয়াখালী-৪ আসনে সাতজন, নোয়াখালী-৫ আসনে ১২ জন ও নোয়াখালী-৬ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইকবাল হোসেন/সুমন/