জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগে প্রার্থীর তিনজন সমর্থককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম, একই এলাকার জহুরুল ইসলাম এবং চরসগুনা গ্রামের মেহেদী হাসান (২৫)।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের জরিমানাসহ দন্ড ঘোষণা করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-৩ আসনের কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর পক্ষে ভোটারদের টাকা বিতরণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। এক পর্যায়ে তাদের কাছে টাকা বিতরণের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে ৯৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, আটক ব্যক্তিরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ মাদারগঞ্জ মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আসমাউল আসিফ/সুমন/