ইরান–ইসরাইল সংঘাত মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা ও সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় সীমান্ত এলাকায় তেল পাচারের ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে হবিগঞ্জ সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ন। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে আগাম তথ্যের ভিত্তিতে পাচারচক্রের তৎপরতা ঠেকানো যায়।
এছাড়া সীমান্ত সংলগ্ন সড়কগুলোতে সন্দেহভাজন যানবাহনের ওপর কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে পিকআপ, ট্রাক, তেলের ড্রাম বহনকারী যানবাহন এবং সন্দেহজনক পরিবহণগুলোকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সবসময়ই তৎপর রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ৫৫-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় চোরাচালান চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি এই বাড়তি নজরদারি চালিয়েছে।
কাজল সরকার/নাঈম