২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে শরীয়তপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখেন ‘‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী।শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই’’।
ভিডিওতে দেখা যায় অজ্ঞাত একজন জেলা কেন্দ্রীয় শহদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভ আগুন দিচ্ছেন।
পরে সরেজমিনে গিয়ে দেখা যায় স্মৃতি স্তম্ভটি কয়েক জায়গায় পোড়ানো হয়েছে। তবে কখন ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন জানান, শুনতে পেয়েছি রাতে জুলাই স্মৃতিস্তম্ভটিতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পালং থানার ওসিকে জানানো হয়েছে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে পালং থানার ওসি শাহে আলমকে ফোন করলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে।
রাজন/মাহফুজ