মাদারীপুর পৌর শহরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, যা রাতভর থেমে থেমে চলতে থাকে। এমনকি সোমবার (৩০ মার্চ) ভোরেও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করেন। কিন্তু এই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ পরস্পরের দিকে ককটেল নিক্ষেপ করতে থাকে। পরপর বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ৯টার দিকে আবারও সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সোমবার ভোরে ফের দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাকদী এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
রফিকুল/এসজি/