চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ঘোষিত আগের তফসিলটি বাতিল ঘোষণা করেছে এফবিসিসিআই সালিশী ট্রাইব্যুনাল। পাশাপাশি বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে নতুন একটি স্বচ্ছ নির্বাচনী তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসরিন বেগম এবং সদস্য এ.এস.এম. কামাল উদ্দিন ও ছায়েদ আহম্মদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন ।
চট্টগ্রাম চেম্বার নির্বাচনকে ঘিরে ভোটার তালিকায় অনিয়ম এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চেম্বারের সদস্য এস এম নুরুল হক, মুহাম্মদ বেলাল এবং মুহাম্মদ আজিজুল হক পৃথক তিনটি মামলা দায়ের করেছিলেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ট্রাইব্যুনাল এই মামলাগুলো একত্রে শুনানি করে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল জানায়, ২০২৫ সালের ১১ আগস্ট ঘোষিত নির্বাচনী তফসিলটি বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর সঙ্গে সংগতিপূর্ণ ছিল না । পাশাপাশি ওই তফসিলের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই এর কোনো কার্যকারিতা নেই।
বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের সকল পদে সরাসরি ভোটগ্রহণের বাধ্যবাধকতা থাকলেও চট্টগ্রাম চেম্বারের তফসিলে তা লংঘন করা হয়েছিল। তাই ত্রুটিপূর্ণ তফসিলের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।
বৃহত্তর স্বার্থে এফবিসিসিআই ট্রাইব্যুনাল চট্টগ্রাম চেম্বারের প্রশাসককে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বিধিমালা, ২০২৫ অনুসরণ করে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই রায়ের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথমে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন গত বছরের ১ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল। রিট মামলার প্রেক্ষিতে গতবছরের ২৪ অক্টোবর চেম্বারের ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ওই স্থগিতাদেশের উপর সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালতে গত বুধ ও বৃহস্পতিবার (গত বছরের ২৯ ও ৩০ অক্টোবর) শুনানি শেষে দুই সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হাইকোর্টের একই আদালতকে নির্দেশ দেন চেম্বার আদালত। একইসঙ্গে অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান না করতে নির্দেশ দেন চেম্বার আদালত।
গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট পূর্বের সেই রিট আবেদন খারিজ করে দেন। ফলে চট্টগ্রাম চেম্বার নির্বাচনের বাধা কেটে যায়। এ কারণে অর্ডিনারী ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের জন্য গত ৪ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহষের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই তা আবার স্থগিত করে নির্বাচন বোর্ড।
ইফতেখারুল/অন্তরা