শরীয়তপুরের জাজিরায় সুদের টাকা আদায় করতে অপহৃত ছয় মাস বয়সী শিশু জাহিদ রাফসানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৭ মে) রাত সোয়া ৯ টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মালেশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পত্তির ছয় মাস বয়সী শিশু সন্তান জাহিদ রাফসান। দুই বছর আগে জুয়েলের স্ত্রী রাত্রি বেগম চার লাখ টাকা সুদে নেন জা আমেনা বেগমের কাছ থেকে। পরবর্তীতে গতবছর রাত্রি বেগম সুদসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও আরও টাকা পাবেন বলে দাবি করেন আমেনা বেগম। এই নিয়ে পরিবার দুটির মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার (১৬ মে) ভোর বেলা শিশুটির চাচি আমেনা বেগম কিছু সময়ের জন্য জাহিদকে নিজের কাছে রাখতে চান। শিশুটিকে নেওয়ার কিছু সময় পেরিয়ে গেলে আমেনা বেগমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে মুঠোফোনে যোগাযোগ করলে জাহিদকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ৫ লাখ টাকা দাবি করেন চাচি আমেনা বেগম। আর এমনটাই অভিযোগ পরিবারের।
জাহিদের পরিবারের লোকজন রবিবার (১৭ মে) দুপুরে সেই টাকা দিবে বলে কৌশলে ডেকে আনেন আমেনাকে। আমেনা বেগম টাকা নিতে তার এক দূর সম্পর্কে আত্মীয় ডুবিসায়বর এলাকায় মফি কাজীর বাড়িতে অবস্থান নেন। তবে তিনি সঙ্গে করে শিশুটিকে নিয়ে আসেন নি।
একপর্যায়ে শিশুটির স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে আমেনাকে আটক করে পুলিশ। এদিকে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে রাত সোয়া নয়টার দিকে শিশুটিকে সুস্থ অবস্থায় মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, ইতমধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বিধান মজুমদার অনি/অন্তরা