সকালের লবণভেজা বাতাস, নীল সমুদ্রের ঢেউ আর একান্ত নির্জনতার অনুভূতি চট্টগ্রামের আনোয়ারা পারকি ও ফুলতলী সমুদ্রসৈকত। সম্প্রতি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনই এখানে ভিড় বাড়ছে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের। ফুলতলী এখন নতুন গন্তব্য, যেখানে প্রকৃতির নির্জনতা অনেককে টেনে আনে। বর্তমানে এই সৈকতকে সম্ভাবনাময় পর্যটন এলাকা বলে মনে করা হচ্ছে।
প্রতিদিন সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও জমে ওঠে পারকি সমুদ্র সৈকতের পাশ্ববর্তী ফুলতলী সমুদ্র সৈকতে। শহর ছাড়া শান্ত পরিবেশ আর ঢেউয়ের শব্দ মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি হয় পর্যটকদের জন্য।
পর্যটক বৃদ্ধির সঙ্গে সৈকতে বেড়েছে লাইফ জ্যাকেট ছাড়া বিপদজনক স্পিডবোট ও মোটরসাইকেলের নৈরাজ্য। স্পিড বোটের অতিরিক্ত ভাড়া আদায়, জোরপূর্বক আসন পূর্ণ করা এবং চরম নিরাপত্তাহীনতার মতো নানা হয়রানি ও নৈরাজ্যের অভিযোগ তুলেছেন সৈকতে আসা পর্যটকরা।
ফুলতলী সৈকতে আসা পর্যটকরা অভিযোগ করে বলেন, পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের হয়রানির অভিযোগ থাকলেও হঠাৎ করে এসব স্পিডবোট, বিচ ইজিবাইক ও মোটরসাইকেল নৈরাজ্য এখানেও বেড়ে চলছে।
এসব বিষয়ে ফুলতলী সমুদ্র সৈকতে ব্যক্তিমালিকানাধীন গড়ে উঠা রাজ কুটির কর্তৃপক্ষকে পর্যটকরা একাধিকবার জানিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় স্পিডবোট, বিচ ইজিবাইক ও মোটরসাইকেল নৈরাজ্যের সিন্ডিকেটের কবলে তারাও অসহায়।
সৈকতে পরিবার নিয়ে ঘুরতে আসা হালিশহরের এসএম আলমগীর বলেন, 'স্ত্রী-সন্তানদের নিয়ে পারকি সমুদ্র সৈকত থেকে স্পিডবোটের মাধ্যমে ফুলতলী সমুদ্র সৈকতে আসি। তাদের বোটের মধ্যে নিরাপত্তার জন্য কোনো লাইফ জ্যাকেট ছিলো না। এখানে এসে সৈকতের কাদামাটির ভেতর নামিয়ে দিয়েছে আমাদের। পড়েছি আরেক বিপাকে, সৈকতের চরে বাচ্চা নিয়ে হাঁটাও যাচ্ছে না বিচ ইজিবাইক ও মোটরসাইকেলের দৌরাত্মে।'
স্থানীয় ব্যবসায়ী আবরার সালেহ বলেন, এসব নিবন্ধনহীন স্পিডবোট নিরাপত্তার জন্য কোন লাইফ জ্যাকেট নেই, এছাড়া সৈকতের মধ্যে বেপরোয়া মোটরসাইকেলে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে। এতে করে পর্যটকেরা আমাদের কাছে অভিযোগ নিয়ে আসলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আমাদের কথা শুনেনা। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে ফুলতলী সৈকত পর্যটক হারাবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা খবরের কাগজকে বলেন, 'বিভিন্ন সময় পর্যটক হয়রানির অভিযোগ শুনেছি কিন্তু কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
আতিকুল/আমান