ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ হরিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি আলহামদুলিল্লাহ শব্দটি কেন এত শক্তিশালী? চুয়াডাঙ্গা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান হলিউড অভিনেতা খুন, প্রেমিকার ছেলে গ্রেপ্তার শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১ স্বর্ণ ভরিতে কমল ৫৪৮২ টাকা এআই এজেন্টের নতুন প্ল্যাটফর্ম প্রজেক্ট সোলারা কেএফটির শিক্ষার্থী প্রিয়ন্তের বিশ্বজয়, রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন সিলেটে গত ২৪ ঘণ্টায়  হামে এক শিশুর মৃত্যু নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি মুকুসদপুরে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত সাঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ চ্যাটজিপিটির মেমোরি ফিচারে বড় পরিবর্তন বিমানবাহিনী জাদুঘরে রেনেসন্স হোটেলের বাহার রেস্টুরেন্টে শুরু হচ্ছে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের চাঁদপুরে ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’ এর মোড়ক উন্মোচন ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা পরও সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’ দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবক নিহত সেলফ কেয়ার রুটিন যখন থেরাপি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি সোনারগাঁয় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন লক্ষ্মীপুরে ২ মাদককারবারিকে পুলিশে দিলো জনতা ফেনীতে ডেঙ্গু রোধে সচেতনতামূলক র‍্যালি
Nagad desktop

গাইবান্ধায় নিম্নমানের ইটে চলছে কাজ

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
আপডেট: ০২ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
গাইবান্ধায় নিম্নমানের ইটে চলছে কাজ
নিম্নমানের খোয়া দিয়ে চলছে গাইবান্ধার একটি সড়কের কাজ। ছবি: খবরের কাগজ

দেশের গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়নমূলক কাজের অন্যতম একটি বড় সেবাদানকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। 

বছরে হাজার হাজার কোটি টাকার কাজ করে প্রতিষ্ঠানটি। জিওবি মেইন্টেন্যান্স, ইফাদ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে অবকাঠামো, হাটবাজার উন্নয়ন, রাস্তা পাকাকরণ, মেরামতসহ উন্নয়নমূলককাজ বাস্তবায়ন করছে। অভিযোগ উঠেছে, প্রকৌশলী-ঠিকাদার সিন্ডিকেট হয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করছেন । ফলে রাস্তা ও অবকাঠামোর টেকসই হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। 

তবে ঠিকাদারদের অভিযোগ, টাকা ছাড়া কাজই শুরু করতে পারেন না। উপজেলা অফিসের পিয়ন থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত ধাপে ধাপে ঘুষ দিতে হয়। এর পর তারা প্রশ্ন তোলেন–এর চেয়ে ভালো কাজ কেমনে করব ভাই? ঘুষকে বড় স্যারদের ক্ষেত্রে পিসি বা পার্সেন্ট কমিশনএবং অন্যদের বকশিশ হিসেবে পরিচিত এই সেক্টরে।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গাইবান্ধা জেলায় প্রায় ২৮৫ কোটি টাকার কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে বন্ধ রেখেছে, আবার কোনো কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে কাজ তুলতে না পারলেও ঘুষ নিয়ে তাদের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় । কয়েক দফায় মেয়াদ বাড়ানোর পরেও কেউ কেউ এখনো শেষ করতে পারেনি কাজ।

গাইবান্ধা জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামে এসব কাজ দেখতে গিয়ে পাওয়া যায় স্থানীয়দের গুরুতর অভিযোগ। তাদের অভিযোগ, পুরো রাস্তায় নিম্নমানের উপকরণ দিয়ে কাজ শুরু করেন ঠিকাদার। বাধা দিলে চাঁদাবাজির মামলাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। 

গাইবান্ধা শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরে সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে জিওবি মেইন্টেন্যান্সের অর্থে ‘হলহলিয়া এফআরবি থেকে রামগঞ্জ হাট রোডে ১৫০০ মিটার’ রাস্তা পাকাকরণের কাজ শুরু করে গোবিন্দগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান রিনল্যান্ড। এতে ব্যয় ধরা হয় ৭২ লাখ ৯ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দা ফরহাদ মণ্ডল, আজগর আলীসহ অনেকেই জানান, এই রাস্তায় ঠিকাদার পচা খোয়া দিয়ে কাজ শুরু করলে কাজ বন্ধ করা হয়। পরে উপজেলা ইঞ্জিনিয়ার এসে খোয়ার পরিমাণ ও গুণগত মান দেখে ঠিকাদারকে দ্রুত অপসারণের নির্দেশ দেন। ১৩ দিন কাজ বন্ধ রাখার পর পুনরায় সেই নিম্নমানের খোয়া দিয়েই আবারও কাজ শুরু করেন ঠিকাদার। এতে বাধা দেওয়ায় বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজির মামলাসহ নানা হুমকি দেওয়া হয়। এক মাস ধরে কাজ বন্ধ রয়েছে এই সড়কের। 

ঠিকাদারি প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জের আঙ্গুর মিয়া খবরের কাগজকে বলেন, প্রথমদিকে খোয়ার মান খারাপ ছিল। পরে ভালো খোয়া দেওয়া হলেও চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। এ সময় প্রতিবেদককে তিনি বলেন, ‘এলজিইডির সবাইকে ধাপে ধাপে ঘুষ দিতে হয়। এ ছাড়া স্থানীয়দেরও ম্যানেজ করতে হয়। আপনাকেও দেব, আপনার বিকাশ নম্বর দিন।’ 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র চক্রবর্তী পিসি নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি খবরের কাগজকে বলেন, নিম্নমানের খোয়া অপসারণ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনাকে ঠিকাদার ফোন দেবেন।

এক মাস ধরে কাজ বন্ধ থাকায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এ দায় কার? জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। 

শুধু সুন্দরগঞ্জেই নয়, এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে পিসি বাণিজ্য ছাড়াও সরকারি টাকা ভাগাভাগি হয় প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে–এমন তথ্যও উঠে এসেছে খবরের কাগজের অনুসন্ধানে।

গাইবান্ধা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাগবাড়ী-পীরগঞ্জ রোডে গোপালগঞ্জ ব্রিজ থেকে মোলং বাজার হয়ে মাঝিপাড়া পর্যন্ত ৪ হাজার ৯০ মিটার পাকাকরণের কাজ শুরু হয়। দায়িত্ব পায় রাজশাহীর সাহেব বাজার, ঘোড়ামারা বোয়ালিয়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড। এতে ব্যয় ধরা হয় ৪ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৯৩৫ টাকা। চলতি বছরের ২১ অক্টোবরে কাজ শেষ করার কথা রয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কাজটি শতকরা টেন পার্সেন্ট টাকায় কিনে নেন গাইবান্ধার খানকা শরিফের সাজিন ট্রের্ডাসের স্বত্বাধিকারী বিপন মিয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়ককে ঘিরে স্থানীয়দের জটলা। তাদের অভিযোগ, বারবার এই নিম্নমানের খোয়া পরিবর্তনের কথা বলা হলেও ঠিকাদার কিংবা ইঞ্জিনিয়ার পদক্ষেপ নেননি কেউই। 

স্থানীয় মহেশপুর এলাকার আকিরুল, রোমান, শাকিলসহ অনেকেই বলেন, দুই-তিন নম্বরের ইটের খোয়া রাস্তায় ব্যবহার করলে আমরা এলাকাবাসী বাধা দিই। তখন গাইবান্ধার খানকা শরিফের সাজিন ট্রের্ডাসের স্বত্বাধিকারী বিপন মিয়া হুমকি-ধমকি দিয়ে গায়ের জোরে ডব্লিউবিএম কাজ শেষ করেন। এমনকি সাইডে এক দিনও এলজিইডির কাউকেই তারা দেখেননি। ফলে ইঞ্জিনিয়াররা ঠিকাদারের কাছে ঘুষ নিয়ে অফিসে বসেই বিল দেন বলে অভিযোগ করেন তারা। 

এদিকে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের হাজিবাড়ী মোড় থেকে মিরপুর বাজার হয়ে উত্তর দাউদপুরগামী ১ হাজার ১৬০ মিটার সড়কের কাজটিও করছেন একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মনোনীত বিপন মিয়া। এতে চুক্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৫৩৮ টাকা। সেখানে গিয়ে দেখা যায়, খোয়া ও বালু মিশ্রণের কাজে ব্যস্ত শ্রমিকরা। পাশেই দাঁড়িয়ে আছেন এলজিইডির কার্যসহকারী আশরাফুল ইসলাম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইস্টিমেট অনুযায়ী এই রাস্তায় যে পরিমাণ ও যে মানের খোয়া ও বালু ব্যবহার করা কথা, তা করছেন না ঠিকাদার। অথচ ইঞ্জিনিয়ার অফিসের লোকের উপস্থিতিতে এই নিম্নমানের কাজ চলছে।

জানতে চাইলে রাস্তায় অবস্থানকারী সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলীর দপ্তরের কার্যসহকারী আশরাফুল ইসলাম বলেন, ‘এই নিম্নমানের খোয়া ও বালু সম্পর্কে অবগত আছেন উপজেলা ইঞ্জিনিয়ার। যে কারণে আমার এখানে করার কিছু নেই।’ 

এসব বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনাজ দাবি করেন, খোয়া ও বালু সঠিক আছে, আপনার কাছে সঠিক না মনে হলে ল্যাব টেস্ট করুন। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কন্সট্রাকশনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন আসে স্থানীয় ঠিকাদার বিপন মিয়ার। তিনি প্রতিবেদককে বলেন, ‘ল্যাব টেস্টের জন্য নির্বাহী প্রকৌশলীর অফিসে যাওয়ার দরকার নেই। আমি সন্ধ্যায় শহরে গিয়ে ফোন দিয়ে দেখা করব।’

অন্যদিকে সাঘাটা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে ইউটিএমআইডিপি প্রকল্পের আওতায় চাঁনপাড়া দৃষ্টিনন্দন সড়ক থেকে কাঠুর ভোমর আলী মাস্টারের বাড়ির সড়কে ৯৬৫ মিটার কাজে ব্যয় ধরা হয় ৯০ লাখ ৯ হাজার ৫২১ টাকা। অভিযোগ উঠেছে, এএসএস কাজে বালু বেশি ও খোয়া কম এবং ডব্লিউবিএম কাজেও পচা ইটের খোয়া ব্যবহার করায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছেন স্থানীয়রা। 

স্থানীয় আসলাম, সাহেব আলী, আলতাবসহ এলাকাবাসী বলেন, ‘বন্যাকবলিত এই এলাকার রাস্তাটি পাকা করার কাজ শুরু হলে আমরা খুব খুশি হয়েছি। কিন্তু রাস্তায় সাববেজ কাজ চলাকালে বালুর পরিমাণ বেশি ও ইটের খোয়াও কম দেন ঠিকাদার। আবার সেটিও পচা। এতে বাধা দিলে ভয়-ভীতি দেখান স্থানীয় ঠিকাদারের লোকজন। পরে নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে ডব্লিউবিএম কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কন্সট্রাকশন।’

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা স্থানীয় ঠিকাদার আব্দুল আজিজ ও তুহিন বলেন, কাজ দেখার দায়িত্ব এলজিইডির, আপনার নয়। এর পর প্রশ্ন করেন, এটি কি আপনার বিকাশ নম্বর? পরে বিভিন্ন মাধ্যমে প্রতিবেদককে টাকা অফার করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায়ের ব্যবহৃত সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলে রিসিভ না হওয়ায় খুদে বার্তা পাঠিয়েও সাড়া না পাওয়ায় ওই কর্মকর্তার মুখোমুখি হয় খবরের কাগজ। এ সময় তিনি পিসি বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন। বলেন, সাইডটি ভিজিট করে ব্যবস্থা নেওয়া হবে। 

অনুসন্ধান চলাকালে নাম ও ছবি প্রকাশ না করার শর্তে ঠিকাদাররা জানান, উপজেলা অফিসের পিয়ন থেকে শুরু করে জেলার নির্বাহী প্রকৌশলী পর্যন্ত ফাইভ পার্সেন্ট টাকা পিসি বা পার্সেন্ট কমিশন দিতে হয়। এই পিসি বাণিজ্য বন্ধ না হলে কাজের মান বেশি ভালো হবে না বলে দাবি করেন তারা।

অনুসন্ধানে জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলাতেও চলমান রাস্তার কাজগুলোর একই চিত্র দেখা গেছে। তবে এলজিইডির গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘পিসি বাণিজ্য সারা দেশেই চলে। এখানেও চলেছে আমার আসার আগে। আমি এসবে জড়িত নই।’ এ সময় কাজ চলমান সাইডগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। 

হরিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
হরিপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির এমন অবৈধ পুশইন রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করলে বিজিবি প্রবেশে বাধা দেয়। পরে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যান।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘মশালগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের একটি চেষ্টা বিজিবি সফলভাবে প্রতিহত করেছে। সীমান্তে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ও তৎপর রয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নবীন হাসান/আমান

চুয়াডাঙ্গা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সম্প্রতি বেশ কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। দর্শনা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ও অত্যাধুনিক সরঞ্জামের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। বিজিবির উদ্যোগে বিভিন্ন গ্রামে সচেতনতামূলক মতবিনিময় সভা করা হচ্ছে। সভায় স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, রাতে অপরিচিত বা সন্দেহভাজন কাউকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে যেন দ্রুত বিজিবি ক্যাম্প বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান খবরের কাগজকে বলেন, 'সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে রাতে টহল ও ভিজিল্যান্স কয়েক গুণ বাড়ানো হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা পুশইনের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না'।

মিজানুর রহমান/থিও/

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:১১ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম লোকমান মিয়া। তিনি উপজেলার সদর ইউনিয়নের লালবাগ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, মরদহেটি বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মামুন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

আমান/

সিলেটে গত ২৪ ঘণ্টায়  হামে এক শিশুর মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
সিলেটে গত ২৪ ঘণ্টায়  হামে এক শিশুর মৃত্যু
ছবি:শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন  হাম আক্রান্ত শিশুরা

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ৬৫ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা চার।

শনিবার (৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কানাইঘাট উপজেলার বাগাউরবাগ গ্রামের আবুল হোসেনের ৯ মাস বয়সী ছেলে সালেহ আহমেদ মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে তিনজনের হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সন্দেহজনক রোগী হিসেবে ভর্তি হয়েছেন ৭৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৫৬ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২১ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৪৩ জন এবং সিলেট জেলায় ৭৬ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৩১৫ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগীদের মধ্যে সর্বোচ্চ ১২৩ জন ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২৪ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ২৩ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।

এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/খাদিজা রুমি/

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৩:২১ পিএম
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি
ছবি: খবরের কাগজ

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও অংশ নেন।

কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবীর, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকসী, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক আলিমুজ্জামান সেতুসহ বেশ কয়েকজন চিকিৎসক অংশ নেন।

জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ‘এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির ভেতরে বা আঙিনায় ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে তিন দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অব্যবহৃত পাত্রগুলো উল্টে রাখতে হবে এবং জমে থাকা পানিতে মশার ডিম ধ্বংস করতে পাত্রের গা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। পাশাপাশি এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করতে হবে। সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান বক্তরা।

কর্মসূচিতে জেলা প্রশাসন, ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এ ছাড়াও লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলা শহরে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শরিফুল ইসলাম/থিও/