কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি ও কক্সবাজার জেলা শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে চাইনিজ রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম পাকভিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার (২ জুন) রাত প্রায় ১১টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাংগার ডেইল এলাকার লবণ মাঠসংলগ্ন সড়কের কাজ তদারকি করার সময় আব্দুর রশিদের ওপর একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
আহত আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জালিয়াপাড়া এলাকার মৃত ইলিয়াসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে আব্দুর রশিদের মাথা, বাম হাত এবং দুই পায়ে ধারালো চাইনিজ রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত জামিল সাইফুল জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে হাসপাতালে আনা হয়। তার মাথা, বাম হাত এবং দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তিনি দাবি করেন, ঈদ উদ্যাপনের অজুহাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এলাকায় অবস্থান করছিল এবং সেই সুযোগে আব্দুর রশিদের ওপর এ হামলা চালানো হয়েছে।
এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো এজাহার জমা পড়েনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
মোঃ শাহীন/এসএন