বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হোটেল মিরা গার্ডেনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বেলার প্রধান অ্যাডভোকেসি সমন্বয়ক তাসলিমা ইসলাম।
সভায় সিলেট বিভাগের চার জেলার বেলা নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিতভাবে হাউজবোট চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাওর রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে সিলেট বিভাগে বেলার বিগত সময়ের কার্যক্রম এবং চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার।
সভায় সিলেটে পাথর উত্তোলন বন্ধকরণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, সিলেটের পরিবেশগত সমস্যা সমাধানে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণসহ বেশ কয়েকটি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মামলাভুক্ত ইস্যুগুলোর ফলোআপ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় শাখার প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট মো. ইরফানউজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, পরিবেশকর্মী ও নাট্যসংগঠক জালাল উদ্দিন রুমি, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি এবং অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা প্রমুখ।
থিও/রিফাত/