নোয়াখালীর মাইজদী থেকে ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল।
এ অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িত ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান খবরের কাগজকে বলেন, 'কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি।'
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল খবরের কাগজকে বলেন, কিশোর গ্যাংয়ের আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং রয়েছে। আমরা চাই যথাযথ নিয়মে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম খবরের কাগজকে বলেন, কিশোর গ্যাংয়ের ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন/থিও