যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (২৭) নামে প্রকাশ্যে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামের পাইলট বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা কিতাব আলী বলেন, ‘দুপুরে ভাত খাওয়ার জন্য পিয়াল বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছানোর পর তার ওপর হামলা চালায় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে শাহীন রেজা ও শামীম, আমিরুল ইসলামের ছেলে ডালিম ও রিপন, ইয়াকুব আলীর ছেলে সোহেল, আব্দুস সোবহানের ছেলে মেহেদী ও আইয়ুব এবং ইসমাইলসহ ১০-১৫ জন।’
তিনি বলেন, এ সময় তারা প্রথমে বোমা ফাটায়। পিয়াল তাদের হাত থেকে বাঁচতে মোবারকপুর গ্রামে গার্লস স্কুলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় পিছু নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পার্থ সারথী রায় বলেন, হাসপাতালে আনার আগেই পিয়ালের মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান খবরের কাগজকে বলেন, পুরোনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল ইসলাম/নাইমুর/অমিয়/