কক্সবাজারে রাতভর নির্যাতনের পর ভোরে মা আনোয়ারা বেগমকে (৫৫) কুপিয়ে হত্যার পর সকালে সদর মডেল থানায় আত্মসমর্পন করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ অপি।
শনিবার (২৩ নভেম্বর) ভোরে শহরের ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান।
তিনি জানান, ভোরে কক্সবাজার সদর মডেল থানায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে তার মাকে বাসায় হত্যা করেছে বলে পুলিশকে জানায়। তখন পুলিশ গিয়ে ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার নিজঘর থেকে আনোয়ারার মরদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে তার পরিবারের অন্য সদস্যরা আসলে তারপর বিস্তারিত বলা যাবে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘাতক ছেলে অপি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছে প্রতিবেশীরা। হয়তো মাদকের টাকা নিয়েই মা-ছেলের মধ্যে ঝগড়া এবং মর্মান্তিক এ ঘটনা ঘটে থাকতে পারে।
মুহিববুল্লাহ মুহিব/জোবাইদা/অমিয়/