রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের দুই সদস্য। পরে তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয়রা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ওই দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে গণধোলাই দিয়ে উত্তরা পশ্চিম থানায় দিয়েছে স্থানীয়রা।
গ্রেপ্তাররা হলেন- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। গ্রেপ্তার মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়ায় থাকেন। রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করেন। এতে পাশ দিয়ে অপর একটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে ওই দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালায়।
তিনি বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক (কিশোর গ্যাংয়ের সদস্য) ওই দম্পতিকে জনসম্মুখে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইছে।
উত্তরা ৭ নম্বর সেক্টরের স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরা এলাকায় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাই করে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা ইচ্ছে করেই মানুষের সঙ্গে ঝামেলা বাধিয়ে অস্ত্র দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। তারা বিকট শব্দে উত্তরার সড়কগুলোতে মোটরসাইকেল চালায়। এতে এই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শেখ জাহাঙ্গীর/অমিয়/