নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জমির বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুন অর রশিদ ভূইয়ার প্রকাশ্যে রাসেল নামে একজনকে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে টেকনোয়াদ্দা গ্রামের কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাসেলকে স্থানীয়রা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, রূপগঞ্জের টেকনোয়াদ্দা মৌজার ২২ শতাংশ সম্পত্তি ক্রয় ও বায়নাসূত্রের মালিকানা নিয়ে স্থানীয় যুবদল নেতা শামীম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুন অর-রশিদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। বিকেলে শামীম ও তার সহযোগী রাসেলসহ কয়েকজন জমির কাছে গেলে হারুন অর-রশিদসহ অজ্ঞাতনামা ৭/৮ তাদের বাধা দেয়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে হারুন তার সঙ্গে থাকা পিস্তল বের করে শামীমের সঙ্গে থাকা রাসেলের পায়ে গুলি করে। গুলিবিদ্ধ ব্যক্তিসহ কয়েকজনের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিল্লাল/মেহেদী/