ময়মনসিংহে অভিযান চালিয়ে মো. মোবারক হোসেন (১৮) হোসেন নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে মানুষের পেটে সুইচ গিয়ার চাকু ঠেকিয়ে প্রতিদিন ছিনতাই করত বলে জানিয়েছে র্যাব।
রবিবার (২ মার্চ) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মোবারক হোসেন নগরীর আকুয়া ব্যাপারী বাড়ি মসজিদ এলাকার মো. সুমন মিয়ার ছেলে।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, 'জেলার তারাকান্দা উপজেলার চকনাপাড়া গ্রাম থেকে এসে আকুয়া ব্যাপারী বাড়ি মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত মোবারক। সে ছিনতাইকে পেশা হিসেবে বেছে নেয়। এজন্য সে সুইচ গিয়ার চাকু কিনে সব সময় সঙ্গে রাখতেন। কোনো নিরিবিলি স্থানে কাউকে একা পেলে পথরোধ করে পেটে সুইচ গিয়ার চাকু ঠেকিয়ে টাকা, মানিব্যাগসহ স্বর্নলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।
তিনি বলেন, মোবারকের সম্পর্কে তথ্য পেয়ে নগরীর আকুয়া বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার সঙ্গে আরও ছিনতাই চক্রে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/জোবাইদা/