নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১০ম শ্রেণির এক কিশোরীর সঙ্গে এক বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে জড়ায় একই উপজেলার কাকফো পুরাতন পাড়া গ্রামের মেহেদী হাসান (১৯)। গত ৫ মার্চ সেই কিশোরীর সঙ্গে প্রতারণা করে চার বন্ধু মিলে ধর্ষণ করে। এই ঘটনায় চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের মেহেদী হাসান রনি, একই গ্রামের রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার গোলাম মোস্তফা (২০)।
ভুক্তভোগী, আসামি ও পুলিশসূত্রে জানা গেছে, গত ৫ মার্চ রাতে কথিত প্রেমিক ভুক্তভোগীর বাসায় দেখা করার ছলে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কিন্তু মেয়ের অজান্তে তার সঙ্গে আসা তিনজন গোপনে ভিডিও ধারণ করেন। ঘটনাক্রমে তারা রুমের বাইরে রান্না ঘরের কাছে গেলে সেখানে উপস্থিত হয় অপেক্ষারত তিনজন। এর মধ্যে রাজিব তার মোবাইল ফোনে করা ভিডিওটি কিশোরীকে দেখান। এরপর ওই তিনজন পালাক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করেন।
এ প্রসঙ্গে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মঙ্গলবার বিকেলেই সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন ও রাতে বাগাতিপাড়ার উপর হাটদোল গ্রামে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।’
বুধবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কামাল মৃধা/নাইমুর/