ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের ইজিবাইকচালাক জামাল মোল্লাকে কুপিয়ে আহত করছেন ছিনতাইকারীরা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২০ মে) ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামাল মোল্লা (৩৭) ভোরে ভাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় পথে ইজিবাইক ছিনতাইকারীরা তার গতিরোধ করেন। এরপর তার ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় জামাল মোল্লা একজনকে চিনে ফেলায় তার মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে আবারও তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার দিনই তার ভাই মো. কামাল মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলায় আসামিরা হলেন- নাঈম শিকদার ওরফে মানিক, মাসুদ ওরফে কারেন্ট মাসুদ, রাইসুল শিকদার, মারজুল শিকদার ও জামির। এ ছাড়াও অজ্ঞাত আরও দুই-তিনজন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামি নাঈম শিকদার ওরফে মানিক ও রাইসুল শিকদারকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. হাসান সিকদার জানান, এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সঞ্জিব দাস/অমিয়/