চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মো. সুমন (১৯) নামে এক আসামিকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে বাকলিয়ায় তক্তারপুল খালপাড় এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেই মহিউদ্দিন হত্যাকাণ্ড ঘটেছে।
সুমনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বাকলিয়ার দৌলতখানের কলোনিতে বসবাস করছিলেন। এদিকে অভিযানের সময় সুমনের সহযোগী মো. আসিফ (২৬) পালিয়ে যান।
সুমনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ জানায়, গত ২৫ জুলাই বিকেলে আরাকান রোড সংলগ্ন ৫নং ব্রিজের পাশে মো. মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারের পর আসামি সুমনের দেখানো মতে, বাকলিয়ার তক্তারপুল এলাকার খালের পাড়ে একটি ইটের স্তূপের নীচ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ‘AUTO PISTOL’ এবং ‘MADE IN U.S.A.’ খোদাই করা ছিল। প্রতিটি গুলিতে লেখা ছিল ‘KF 7.65’।
নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গত ২৫ জুলাই দুপুরে থানার ৫নং ব্রিজসংলগ্ন হাশেম ম্যানশনের নীচতলার একটি কক্ষের ওয়াশরুম থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। যে স্থান থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে ঠিক ওই স্থানেই ২০১৩ সালে ইকবাল নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন মহিউদ্দিন।
মেহেদী/