খুলনায় আল আমিন (২৮) নামের যুবককে গুলি করে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার খানাবাড়ি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আল আমিন মহেশ্বরপাশা দিঘির পূর্বপাড় এলাকার শাহেদ আলীর ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।
দৌলতপুর থানার পরিদর্শক (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খানাবাড়ি সড়কে একটি মোটরসাইকেল ও গলা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ধারালো অস্ত্র দিয়ে এই যুবকের গলা কাটা হয়েছে। তাকে গুলিও করা হয়।
খুলনা নগর পুলিশ-কেএমপির উপকমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, ধারণা করছি চলন্ত অবস্থায় আল আমিনের গতিরোধ করা হয়। এরপর তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এর মাঝে সন্ত্রাসীরা গুলিও করে। ঘটনাস্থলে দুই রাউন্ড গুলি পাওয়া যায়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।