ফরিদপুর শহরের হাউজিং স্টেট এলাকা থেকে মিম (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই তরুণীর বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি এখানে স্বামী মাজেদকে নিয়ে ভাড়ায় থাকতেন। তার স্বামীর বাড়ি বোয়ালমারী উপজেলায়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মিমের বাড়িওয়ালা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তারা আরও জানান, মিম বিউটিপার্লারে কাজ করতেন। সকালে তার স্বামীর দুই বন্ধু এসে মিমকে খুঁজতে থাকেন। এ সময় বাড়িওয়ালার বিষয়টি সন্দেহ হলে তিনি ওই ঘরে গিয়ে মরদেহ দেখতে পান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাকে হত্যা করা হয়েছে। কারন, মরদেহে পচন ধরেছিল। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সঞ্জিব দাস/নাঈম/অমিয়/