মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল আমীন ওরফে শামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে।
গ্রেপ্তার নুরুল আমীন শামিম, শরিয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা। তাকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৩১ জুলাই সকাল ৯টার দিকে মিজান তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে তার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে গত (১ আগস্ট) শিবচর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ ভিকটিমের মোবাইল নম্বরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন ওরফে শামীম নামে একজনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো জায়গা থেকে ভিকটিমের মরদেহ নান্টুর বাড়ি থেকে উঠানো হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন, গত ৩১ জুলাই শিবচর পৌর এলাকা থেকে মিজান শেখ নিখোঁজ হলে তার স্ত্রী জিডি করেন। পরে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাকে মোবাইল ফোনে যিনি ডেকে নেন তাকে খুঁজতে থাকলে তিনি পালিয়ে যান। পরে আমার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার কুমার খালি থেকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে বাকি জড়িতদের খোঁজা হচ্ছে।
রফিকুল/নাঈম/