কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সারভান সরদার (৩৫) ও বায়জীদ সরদার (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫জন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা একই গ্রুপের ছিলেন এবং তারা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিহত সারভান সরদারের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে নিহত সারভান সরদারের মরদেহ কুষ্টিয়া
জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
মিলন উল্লাহ/নাঈম/