রাঙামাটির কাউখালীতে সাপ্তাহিক হাটে জাল টাকা দিয়ে মালামাল কেনার সময় ২২ হাজার টাকার জাল নোটসহ রিয়াদ (৩১) নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আটক রিয়াদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সপ্তাহিক হাটের দিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালামাল ক্রয় করছিল রিয়াদ। পরে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
বাজারের ব্যবসায়ী সুমন বলেন, ‘জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এসব সিন্ডিকেট ধরতে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছিলাম। কিন্তু ধুর্ত জাল টাকার ব্যবসায়ীদের ধরতে পারছিলাম না। আজ সকালে এক পাহাড়ী আমার দোকানে কাঁচামাল কিনতে আসলে জাল টাকা সনাক্ত হয়। পরে তাকে সঙ্গে নিয়ে ওই জাল টাকা ব্যবসায়ীকে ধরতে সক্ষম হই।’
কাউখালী বাজারের ইজারাদার আব্দুল বলেন, ‘সপ্তাহিক হাটের দিন খুব ভোর থেকে সাধারণ পাহাড়ীরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসেন। দীর্ঘদিন যাবৎ পাইকারি ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিল এই চক্র। জাল টাকায় অনেক সাধারণ পাহাড়ী সর্বস্ব হারিয়েছেন’।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন- ‘জাল টাকাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রকৃয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না।
জিয়াউর রহমান/অমিয়/