নওগাঁয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আটক ৯ জনের পরিচয় নিশ্চিত করলেও এদিন দুপুর আড়াইটার দিকে এখন পর্যন্ত ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
আটক ৬ পরীক্ষার্থীরা হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের মো. আবু সাইদ (৩১), চন্ডীপুর গ্রামের সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের হাবিবুর রহমান (২৬), মালাহার গ্রামের ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রেহান জান্নাত (৩১)।
চক্রের ২ জন হলেন, পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের আহসান হাবিব (৪০)।
এছাড়া, আটক অভিভাবক ফারাজুল ইসলাম (৪৮) জেলার মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের বাসিন্দা।
শফিক/নাঈম