জামালপুরে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টায় স্বামী হোসাইন মো. তাইফুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে পৌরশহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে জামালপুর পৌর শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার সুপ্রীম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ও ছোট মেয়ে তাহার জন্ম হয়। ওই আইনজীবী দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হত।
নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ২টায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ মধ্যরাতে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর জানান, রাতে হঠাৎ দেখি ওই বাসা থেকে ধোয়া বের হচ্ছে। দ্রুত গিয়ে বাইরের কাচের জানালা ভাঙ্গলে তাহমিনা আক্তার তানিয়ার দেহ পোড়া অবস্থায় খাটের ওপর দেখতে পাই। পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ আসামিকে গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আমরা বাসার ভিতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় নিহতের স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আসিফ/রিফাত/