নারায়ণগঞ্জের সোনারগাঁয় কর্মচারীদের কুপিয়ে ও পিটিয়ে এক মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ মার্চ) রাতে পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬), মো. হযরত আলী (৪০) ও ওয়াসিম মিয়া (৪০) গুরুতর আহত হন।
তাদের দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার এ ঘটনায় মাংস ব্যবসায়ী মো. সোহাগ বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী মো. আমিন, মো. হয়রত আলী ও ওয়াসিম মিয়া পিকআপ ভ্যানে মেঘনা উপজেলার রায়পুরা এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি অটোরিশায় ৪-৫ জন মুখোশধারী ছিনতাইকারী পিকআপের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইয়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মো. ইমরান হোসেন/এসএন