নড়াইলে ডিজেল না দেওয়ায় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজ্জাত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের লোক।
এদিকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) রবিবার দুপুর ১২টার দিকে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নড়াইল ও যশোরের ডিবি পুলিশ, বেনাপোল পোর্ট থানাপুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন ট্রাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, শনিবার রাত সোয়া ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেলব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চালক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুত না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয় এবং চালক সুজ্জাত ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
পেট্রোল পাম্পে ডিউটি শেষে রাত ২টার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং জিহাদ মোল্লা গুরুতর আহত হন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাকচালক সুজ্জাত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বাঘারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
তুহিন/নাঈম