ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’ হিসেবে পরিচিত কাউছারকে তার এক সহযোগীসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিন জব্দ করা হয়।
মঙ্গলবার(৫ মে) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকার একটি বাড়ির তিন তলা থেকে মো. কাউছার (৫০) ও তার সহযোগী মো. কামালকে (৫১) আটক করা হয়।
এ সময় কাউছারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে একটি ইপসন কালার প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার কাউছারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
নয়ন/নাঈম