সিলেটে শুরু হয়েছে চতুর্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫।
মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে সিলেট নগরীর সুবিবাজারের খান প্যালেস কনভেনশন হলে সোমবার (৬ অক্টোবর) থেকে মেলা শুরু হয়েছে। এটি চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, তুরস্কসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন।
সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম।
এতে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা ও কাশ্মীর থেকে আগত ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।
সঞ্চালনা করেন জান্নাতুল নাজনীন আশা।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘সিলেট নগরীর যানজট, ভাড়া নৈরাজ্য, ছিনতাই ও হোটেল বুকিং সমস্যা সমাধান করতে পারলে সিলেটে পর্যটনের ঢল বইবে। এতে সিলেটের অর্থনৈতিক চাকা সচল থাকবে। দেশে যত বেশি শিল্পায়ন হবে তত বেশি অনাচার কমবে।’
তিনি আরও বলেন, ‘বিদেশে অবস্থানরত সিলেটের মানুষ প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে পাঠান। এই অর্থ যদি অনুন্নত খাতে ব্যয় না করে শিল্প কারখানা ও জনগণের কল্যাণে ব্যবহার করা হয়, তাহলে সিলেটে কর্মসংস্থান বাড়বে। দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব হবে। উদ্যোক্তাদের আমি সিলেটকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘সিলেট অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের জন্য এই মেলা যুগান্তকারী পদক্ষেপ। দেশি-বিদেশি উদ্যোক্তারা একই প্ল্যাটফর্মে এসে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এর ফলে ব্যবসার প্রসার, পারস্পরিক সম্পর্ক, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগের নতুন দরজা খুলবে। এই আয়োজন দেশের তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে। রপ্তানি শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
মেলায় অংশগ্রহণকারীরা জানান, বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নতুন বাজার ও প্রযুক্তি জানার সুযোগ তাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করবে।