দশম অধ্যায় : খনিজ সম্পদ: ধাতু ও অধাতু
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-২
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
কাঁসা ও স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান A ও B।
ক. বিগলন কী?
খ. পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে কেন?
গ. B ধাতু নিষ্কাশনে বাত্যাচুল্লিতে সংঘটিত বিক্রিয়াগুলো বর্ণনা করো।
ঘ. A ধাতু নিষ্কাশনে তাপ জারণ ও তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতি প্রয়োজন, তা বিশ্লেষণ করো।
উত্তর: ক. বিগলন: যে প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থকে তাপ প্রয়োগে তরলে পরিণত করা হয়, তাকে বিগলন বলে।
খ. পেঁয়াজের মধ্যে ‘প্রোপানেথিয়াল এস-অক্সাইড’ নামের একটি রাসায়নিক যৌগ থাকে। যখন পেঁয়াজ কাটা হয়, তখন এই যৌগ বাতাসে মিশে যায়। এই যৌগটি চোখের পানির সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এর ফলে আমাদের চোখ জ্বালা করে।
আরো পড়ুন : খনিজ সম্পদ: ধাতু ও অধাতু অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এসএসসি রসায়ন
গ. কাসা ও স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান A ও B। স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান হলো লোহা (Fe)। লোহা (Fe) নিষ্কাশনে বাত্যাচুল্লিতে সংঘটিত বিক্রিয়াগুলো নিচে বর্ণনা করা হলো-
বিজারণ বিক্রিয়া:
Fe₂O₃ (s) + 3CO (g) → 2Fe (l) + 3CO₂ (g)
কার্বন ডাই-অক্সাইড গঠন:
C (s) + O₂ (g) → CO₂ (g)
কার্বন মনোক্সাইড গঠন:
CO₂ (g) + C (s) → 2CO (g)
ঘ. A ধাতু নিষ্কাশনে তাপ জারণ ও তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতি প্রয়োজন, তা বিশ্লেষণ: কাঁসা হলো তামা (Cu) এবং টিনের (Sn) সংকর ধাতু। তামা (Cu) নিষ্কাশনের জন্য তাপজারণ ও তড়িৎ বিশ্লেষণ উভয় পদ্ধতি প্রয়োজন।
তাপজারণ: কপার সালফাইড (Cu₂S) থেকে কপার নিষ্কাশনের জন্য প্রথমে আকরিকটিকে বাতাসে উত্তপ্ত করে কপার অক্সাইডে (Cu₂O) পরিণত করা হয়। তারপর কপার অক্সাইডকে কপার সালফাইডের সঙ্গে উত্তপ্ত করলে কপার ধাতু পাওয়া যায়।
তড়িৎ বিশ্লেষণ: তাপজারণ পদ্ধতিতে প্রাপ্ত কপার পুরোপুরি বিশুদ্ধ না হওয়ায়, একে বিশুদ্ধ করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে অশুদ্ধ কপারকে অ্যানোড এবং বিশুদ্ধ কপারের পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়। ফলে অ্যানোড থেকে অশুদ্ধ কপার দ্রবণে দ্রবীভূত হয় এবং ক্যাথোডের ওপর বিশুদ্ধ কপার জমা হয়।
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর