জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। কণার স্টেজ শো যারা একবার উপভোগ করেছেন, তারা বারবারই তাদের আয়োজিত অনুষ্ঠানে কিংবা তাদের জানাশোনা সার্কেলে তাকে নিয়েই গানের আয়োজন সম্পন্ন করতে চান। যে কারণে স্টেজ শোর মৌসুম এলে কণার অনেকাংশেই ব্যস্ততা বেড়ে যায় অন্য সংগীতশিল্পীদের স্টেজ শোর তুলনায়। আর এবারের স্টেজ শোতে কণার ব্যস্ততা যেন আরও একটু বেশি। কারণ তার কণ্ঠে সর্বশেষ ‘দুষ্টু কোকিল’ গানটি সুপারহিট হওয়ায় স্টেজ শোগুলোতে তার ব্যাপক চাহিদা রয়েছে। শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার এই গান তাকে আরও সফল করেছে।
কণা বাংলাদেশের বহু অঞ্চলে স্টেজ শোতে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এবারই প্রথম তিনি ‘সিলেট ক্যাডেট কলেজের’ রি-ইউনিয়নে সংগীত পরিবেশন করেছেন গত ১৯ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট রোডে অবস্থিত ‘সিলেট ক্যাডেট কলেজের’ (ওকাস-ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েন অব সিলেটের আয়োজনে) নবম রি-ইউনিয়নের প্রথম দিনে রাত ১০টায় মঞ্চে ওঠেন কণা। সাধারণত এই প্রজন্মের বেশির ভাগ শিল্পীই নিজের মৌলিক গান না গেয়ে সিনিয়র শিল্পীদের জনপ্রিয় গান গেয়েই স্টেজ শো শেষ করেন। কিন্তু সে ক্ষেত্রে কণা একেবারেই ব্যতিক্রম।
তার নিজের মৌলিক জনপ্রিয় গানগুলো দিয়েই স্টেজ শোতে দর্শকদের মাতিয়ে রাখেন। তবে গানে গানে ক্যাডেটদের মুগ্ধ করা কঠিন একটি বিষয়। কিন্তু সেই কঠিন বিষয়কেও কণা গানে গানে মুগ্ধতা ছড়িয়ে সহজ করে নিয়েছেন। কণা শুরুতেই পরিবেশন করেন তার ও ইমরানের কণ্ঠে ‘পোড়ামন ২’ সিনেমার জনপ্রিয় গান ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব’ গানটি। প্রথম গান দিয়েই কণা উপস্থিত সব ক্যাডটের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর কণা তার আরও একটি মৌলিক গান ‘রেশমী চুড়ি’ গেয়ে শোনান। এই গান পরিবেশনের সময় ছোট ছোট বাচ্চারা গানের সঙ্গে তালে তালে নাচতে শুরু করে। এরপর কণা তার ও ইমরানের গাওয়া সবচেয়ে বেশি ভিউ হওয়া শকিব বুবলী অভিনীত ‘বসগিরি’ সিনেমার ‘দিল দিল দিল’ গানটি পরিবেশন করেন।
গানের সঙ্গে তালে তালে ক্যাডেটদের নাচ ছিল চোখে পড়ার মতো। আর এর পরপরই যখন ‘দুষ্টু কোকিল’ গানটি পরিবেশন কণা তখন যেন ক্যাডেটদের মধ্যে এক অন্য রকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ের হিট গান হিসেবে এই গানে ক্যাডেটরা নাচে গানে মগ্ন ছিলেন বেশি। এরপর কণা আরও কয়েকটি গান পরিবেশন শেষে তিনি তার স্টেজ পারফরম্যান্স শেষ করেন।
কণার সংগীত পরিবেশন প্রসঙ্গ ১৮তম ব্যাচের এক্স-ক্যাডেট লেটটেন্যান্ট কর্নেল তানভীর বলেন, ‘কণা এত দুর্দান্ত স্টেজ পারফরম্যান্স করেন, জানা ছিল না। সত্যিই মুগ্ধ।’ ক্যাডেট মঈন বলেন, ‘কণা কণাই, কণার বিকল্প নাই।’
কণ্ঠশিল্পী কণা বলেন, ‘এবারই প্রথম সিলেট ক্যাডেট কলেজে আমার গান গাইবার সুযোগ হলো। গানে গানে আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। তবে এটা সত্যি ক্যাডেট কলেজের রি-ইউনিয়নে গাানে গানে ক্যাডেটদের মুগ্ধ করা কঠিন বিষয়। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে তাদের শতভাগ মুদ্ধ করতে পেরেছি, এটাই আমার অনেক অনেক ভালো লাগার। ধন্যবাদ সব ক্যাডেটকে, ধন্যবাদ ওকাস পরিবারকে। ধন্যবাদ ওকাসের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেইন উপল ভাইকে।’ৎ
হাসান