বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গত ১৯ ফেব্রুযারি নিয়োগপ্রাপ্ত হন মাসুমা রহমান তানি। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় সমালোচনা শুরু হয়। এবার সদ্য নিয়োগপ্রাপ্ত এই ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ সভার ডাক দিয়েছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’। আজ রবিবার বেলা ১১টায় বিএফডিসির সামনে এটি আয়োজিত হবে।
বিষয়টি দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করে সংগঠনটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমরা কমিটির সবার সম্মতিক্রমেই আজকের এই প্রতিবাদ সভাটি ডেকেছি। আমাদের দাবি এফডিসির বর্তমান এমডির নিয়োগ বাতিল করা। আমরা চাই সিনেমাপ্রেমী এবং যোগ্য এমন কেউ এই পদে আসুক। এফডিসি তো এখন এমনিতেই মাটির সঙ্গে মিশে গেছে, একেবারে লস প্রজেক্টে পরিণত হয়েছে। এখন আমাদের একটাই চাওয়া সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সিনেমা বুঝে এমন একজন যোগ্য ব্যক্তিকে আমরা এই পদে দেখতে চাই।’
তিনি আরও জানান, এই পদে বসতে গেলে তাকে যেমন যোগ্য হতে হবে আবার সিনেমাপ্রেমীও হতে হবে। মাসুমা রহমান তানিকে এমডি হিসেবে নিয়োগ দেয়ায় ঢালিউড পরিচালক, প্রযোজক ও নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলও বিষয়টি নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন।
প্রসঙ্গত, মাসুমা রহমান তানির আগে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ফারাহ শাম্মী। পরবর্তীতে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিন বছরের জন্য তানি এই পদে নিয়োগপ্রাপ্ত হন।
/ফারজানা ফাহমি