এবার শাকিবের সঙ্গে নাম জড়াল অভিনেত্রী মিষ্টি জান্নাতের। এক ফ্রেমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাদের। বিমানে পাশাপাশি শাকিব আর জান্নাতের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। মাঝে শোনা গিয়েছিল, শাকিবের বাড়ি থেকে পাত্রী খোঁজ করা হচ্ছে। তাহলে কি অভিনেত্রী জান্নাতের সঙ্গে তৃতীয় বিয়ে সারবেন ঢালিউডের আলোচিত নায়ক?
বার বার শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন জান্নাত। এবার নীরবতা ভেঙে নায়িকা জানালেন, এ সব প্রশ্ন তাকে করে কোনো লাভ নেই। বরং সবার শাকিবের থেকে জানতে চাওয়া উচিত।
তিনি বলেন, ‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সবাইকে পরিষ্কার করে বলতে চাই, নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানেই ওকে আপনারা প্রশ্ন করুন এ বিষয়ে। তা হলেই সব মিটে যাবে।’
শোনা যাচ্ছে, নিজের পছন্দে দুটি বিয়ে করেও সুখী হতে পারেননি শাকিব। তাই এ বার নাকি পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি!
শোনা যাচ্ছে, এ বার আর অভিনেত্রী নন, এক চিকিৎসক পাত্রীকেই পছন্দ হয়েছে অভিনেতার। যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই ফের ঘর বাঁধবেন শাকিব।
অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে ভেঙেছে অনেক দিন। তার পর অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে নায়কের সংসার ভাঙা নিয়েও হয়েছে বিপুল চর্চা। এখন তাদের দুজনের সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে এই অভিনেতার তা জানতেও আগ্রহী তার ভক্তরা।
অমিয়/