ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ দীর্ঘ ১৩ মাস পর প্রকাশ্যে এলেন। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ স্থায়ী হয়নি এক বছরও।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরদিনই ভেঙে দেওয়া হয় সংসদ। ওই সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক মন্ত্রী-এমপি ও দলীয় তারকারা দেশত্যাগ করেন বা গা ঢাকা দেন। এই তালিকায় ছিলেন ফেরদৌস আহমেদও।
প্রায় এক বছর আড়ালে থাকার পর ফেরদৌসকে দেখা গেল একটি ভিডিওবার্তায়। সেখানে তার সঙ্গে ছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের নায়িকা মৌসুমী। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইয়র্কে গেছেন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করবেন।
তিনি বলেন, “এই দুই মহান নায়িকার সঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। তবে আমরা তিনজন একসঙ্গে শুধু একটি সিনেমায় কাজ করেছি।”
ভিডিওতে মৌসুমী বলেন, “অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে আসার জন্য, কখনোই হয়নি। এবার হলো।”
জানা গেছে, ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এবং সেখানেই কিছুদিন ধরে রয়েছেন ফেরদৌস।
মেহেদী/